ডোমজুড়ে বিজেপি কর্মীর ওপর 'হামলা', ১৭-সি ফর্ম সংগ্রহের সময় উত্তপ্ত বাঁকড়া
হাওড়া, ৩০ এপ্রিল ( হি. স.) : ভোট মেটার পর কর্মীদের কাছ থেকে ''ফর্ম-১৭সি'' সংগ্রহের সময় ডোমজুড় ৪ নম্বর মণ্ডলের বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার বাঁকড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়
হাওড়াতে ভোট পরবর্তী হিংসা


হাওড়া, ৩০ এপ্রিল ( হি. স.) : ভোট মেটার পর কর্মীদের কাছ থেকে 'ফর্ম-১৭সি' সংগ্রহের সময় ডোমজুড় ৪ নম্বর মণ্ডলের বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার বাঁকড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত নাজিমুদ্দিনকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​আহত বিজেপি কর্মীর অভিযোগ, এদিন দলীয় কর্মীদের থেকে ফর্ম সংগ্রহের কাজ করার সময় প্রায় ৫০টি বাইকের একটি বাহিনী এসে তাঁকে ঘিরে ফেলে। বাইকে আসা দুষ্কৃতীরা লোহার রড ও রেঞ্চ দিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। নাজিমুদ্দিনের দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের একজন বর্তমান সদস্য এবং একজন প্রাক্তন প্রধান উপস্থিত ছিলেন। ঘটনার সময় তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি অত্যন্ত আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

​এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমজুড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, প্রতিটি পোলিং স্টেশনে মোট কত ভোট পড়ল, তার হিসাব থাকে এই 'ফর্ম-১৭সি'-তে। ভোট গণনার সময় ইভিএম-এর তথ্যের সঙ্গে এই ফর্মের তথ্য মিলিয়ে দেখা হয়, যা নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande