নিরাপত্তা ছাড়াই অটোয় ইভিএম পরিবহণের অভিযোগ, কুলতলিতে পুনর্নির্বাচনের দাবি বিজেপির
কুলতলি, ৩০ এপ্রিল (হি. স. ) : দ্বিতীয় দফার ভোটগ্রহণ মিটতেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ইভিএম পরিবহণকে কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়াই সাধারণ অটো ও অন্যান্য গাড়িতে করে ইভিএম সরান
ইভিএম বিতর্ক কুলতলিতে


কুলতলি, ৩০ এপ্রিল (হি. স. ) : দ্বিতীয় দফার ভোটগ্রহণ মিটতেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ইভিএম পরিবহণকে কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়াই সাধারণ অটো ও অন্যান্য গাড়িতে করে ইভিএম সরানো হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কাটখালি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার রেশ বৃহস্পতিবারও বজায় ছিল।

​বিজেপি প্রার্থী মাধবী মহলদারের দাবি, ভোট শেষে বিভিন্ন বুথ থেকে ইভিএমগুলি যখন জামতলার ভগবানচন্দ্র হাইস্কুলের ডিসিআরসিতে আনা হচ্ছিল, তখন ন্যূনতম নিরাপত্তা বিধি মানা হয়নি। তাঁর অভিযোগ, কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর পাহারা ছাড়াই ইভিএমগুলি অরক্ষিত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। এমনকি কিছু বাসে শাসকদলের পতাকা ছিল বলেও তিনি সরব হয়েছেন।

​বুধবার রাতে বিজেপি প্রার্থী নিজেই একটি অটো আটকে বিক্ষোভ দেখান। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)। ভিডিওতে ইভিএম পরিবহণ নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় মাধবী মহলদারকে। প্রশাসনের পক্ষ থেকে পরে দাবি করা হয়েছে যে, ওই মেশিনটগুলি ছিল 'রিজার্ভ' ইভিএম। তবে প্রার্থীর পাল্টা দাবি, পরিকল্পনা করেই ইভিএম বদলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তিনি কুলতলি বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande