অনুপপুরে লজে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩; আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর, মামলা দায়ের
অনুপপুর, ৫ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা এলাকায় চারতলা লজে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। রবিবার সকালে আরও এক মহিলার দেহ উদ্ধার হয়। প্রায় ২১ ঘণ্টা পেরিয়েও উদ্ধারকাজ জারি রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থ
অনুপপুরে ভয়াবহ লজ ধস, মৃত্যু ৩—ক্ষতিপূরণ ঘোষণা, মালিকদের বিরুদ্ধে মামলা


অনুপপুর, ৫ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা এলাকায় চারতলা লজে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। রবিবার সকালে আরও এক মহিলার দেহ উদ্ধার হয়। প্রায় ২১ ঘণ্টা পেরিয়েও উদ্ধারকাজ জারি রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে।

রবিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৫৫ বছরের হনুমান দীন, ৫০ বছরের রামকৃপাল যাদব এবং ৪৫ বছরের মহিলা রাধাবাই। তাঁরা সবাই লজটির চতুর্থ তলায় কাজ করছিলেন, সেই সময়ই হঠাৎ ধস নামে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, লজটি পাশের একটি গভীর গর্তের দিকে হেলে পড়ে ভেঙে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাশেই নির্মাণকাজের জন্য প্রায় ১২ ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল এবং তাতে জল জমে যাওয়ায় ভবনের ভিত দুর্বল হয়ে পড়তে পারে। নির্মাণের অনুমতি নিয়েও প্রশ্ন উঠেছে।

উদ্ধারকাজে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের ১০০-রও বেশি কর্মী যুক্ত রয়েছেন। ভিলাই ও বারাণসী থেকেও বিশেষ দল ডাকা হয়েছে। ধ্বংসস্তূপে লোহার রড বেশি থাকায় ভারী যন্ত্র দিয়েও মাটি সরাতে সমস্যা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, রবিবার মুখ্যমন্ত্রী মোহন যাদব আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। তাঁর নির্দেশ অনুযায়ী, মৃতদের পরিবারের জন্য মোট ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে। আর আহতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, তদন্তে নেমে কোটমা থানার পুলিশ লজ মালিক লালু আগরওয়াল এবং পাশের নির্মাণকাজের সঙ্গে যুক্ত জমির মালিক রাজীব গর্গের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কে.সি. গুপ্তা। জেলা প্রশাসনের আধিকারিকরাও উদ্ধারকাজ তদারকি করছেন।

উল্লেখ্য, শনিবার বিকেলে কোটমা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তারপর থেকেই রাতভর উদ্ধার অভিযান চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande