
উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল (হি.স.): অশোকনগরে সোমবার রাতে বাইকে করে এসে এক ব্যবসায়ীর সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ দুষ্কৃতী গুলি চালায় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। জানা গেছে, ওই ব্যবসায়ী সোমবার ঝড়বৃষ্টির রাতে দোকান বন্ধ করে পাশের দোকানের ব্যবসায়ীকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁর অভিযোগ, তাঁর বাড়ি থেকে শ'খানেক মিটার দূরে এই ঘটনা ঘটে। ৪ দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই মুখ ঢাকা অবস্থায় থাকা দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর গলার সোনার চেন ছিনতাই করে। বাইক নিয়ে পালানোর সময়ে এক দুষ্কৃতী বাইকে উঠতে গিয়ে হোঁচট খায়। তাকে ধাওয়া করেন ওই ব্যবসায়ী। তখনই ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি গাছে লাগে। রাতেই ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ