
নদিয়া, ৭ এপ্রিল (হি.স.): চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভায় নির্বাচনী প্রচার থেকে বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই সরকারি প্রকল্পের বরাদ্দ বন্ধ করা নিয়ে বিজেপিকে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, ‘বিজেপি মিথ্যে কথার ফুলঝুরি। ইলেকশনের সময়ে প্রতিশ্রুতি দেয়। কখনও ক্যাশ দেয়, কখনও গ্যাস দেয়।’
এসআইআরে নাম বাদ নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষ লোকের নাম তালিকায় উঠে গিয়েছে। গতকাল তালিকা বেরিয়েছে। বাদ বাকিটাও ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করছি। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় এবং উত্তর দিনাজপুরে অনেক নাম বাদ দিয়েছে। উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমার কেন্দ্র ভবানীপুরেই ৪০ হাজার নাম বাদ দিয়েছিল। এখন দেখতে হবে কত নাম তুলেছে।’ প্রচারের মঞ্চ থেকে মমতা বলেন, ‘এ বারের ভোট আপনাদের ঠিকানা বাঁচানোর লড়াই। তৃণমূল থাকা মানে মনে শান্তি থাকা। জীবনে ভালো থাকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখা।’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ