
জীবনতলা, ৭ এপ্রিল (হি.স.): ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় মঙ্গলবার দুপুরে। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের প্রচার কর্মসূচির মাঝে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত তাম্বুলদহ ২ গ্রাম পঞ্চায়েতের নাগরতলা এলাকায়।
নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে এদিন আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এই এলাকায় প্রচারে আসেন। কিন্তু আরাবুল ইসলামের দাবি, জীবনতলা থানার ওসি ইচ্ছাকৃতভাবে তাঁর প্রচার কর্মসূচি আটকে দেন। ওসি তৃণমূলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন আরাবুল। এই অভিযোগ তুলে তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন।
পুলিশের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদে আরাবুল ইসলাম ও তাঁর সমর্থকেরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। প্রায় আধঘণ্টা ধরে এই বিক্ষোভ চলে, যার ফলে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় এবং যান চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিক্ষোভ প্রত্যাহার করে আরাবুল ইসলাম তাঁর কর্মসূচি শেষ করে ফিরে যান। আরাবুলের দাবি, ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় পুলিশ, তৃণমূল সকলেই আই এস এফ–কে বাধা দিচ্ছে প্রচারে। এসব করে কোনও লাভ হবে না বলেও জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা