চন্দননগরে মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তেজনা এলাকায়
হুগলি, ৭ এপ্রিল (হি.স.): চন্দননগরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়ায় মহকুমা শাসকের দফতর সংলগ্ন চত্বরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এসডিও অফিসের সামনে দুই দলের সমর্থ
সামনাসামনি তৃণমূল বিজেপি


হুগলি, ৭ এপ্রিল (হি.স.): চন্দননগরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়ায় মহকুমা শাসকের দফতর সংলগ্ন চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এসডিও অফিসের সামনে দুই দলের সমর্থকেরা জড়ো হন। ‘জয় বাংলা’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগানকে কেন্দ্র করে প্রথমে বিতর্ক শুরু হয়, পরে তা সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে।

ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বজায় থাকলেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

এদিন তারকেশ্বর থেকে তৃণমূল প্রার্থী রামেন্দু সিং রায়, হরিপাল থেকে বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষ, সিঙ্গুরের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস এবং তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান মনোনয়ন জমা দিতে এসডিও অফিসে উপস্থিত হন। মনোনয়ন জমা দিয়ে সন্তু পান চলে যাওয়ার কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মনোনয়ন কেন্দ্রের আশেপাশে বেআইনি জমায়েত নিষিদ্ধ। তা সত্ত্বেও কীভাবে দুই পক্ষের সমর্থকদের ভিড় জমল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande