
বাঁকুড়া, ৭ এপ্রিল (হি.স.): বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিক্ষুব্ধ নেত্রী রিঙ্কু নন্দীর নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের জেরে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার পর মঙ্গলবারও নিজের অবস্থানে অনড় থাকেন রিঙ্কু নন্দী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এদিন অভিযোগ করেন, বিজেপির পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং সংগঠনের ভিতরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমে রয়েছে। তাঁর কথায়, “দলের জন্য কাজ করা কর্মীরাই উপেক্ষিত হচ্ছেন, তাই বাধ্য হয়েই নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নামতে হয়েছে।”
অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এদিনও কড়া ভাষায় তাঁর অবস্থানের বিরোধিতা করেছে। বিজেপি নেতা সৌগত পাত্র বলেন, “দলের সঙ্গে সক্রিয় সম্পর্ক না থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে দলের সংগঠন বা নির্বাচনী ফলাফলে কোনও প্রভাব পড়বে না।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, শাসক দলের মদতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে দাবি করে কটাক্ষ করেছে। শাসক দলের নেতাদের বক্তব্য, বিজেপির সংগঠনের ভাঙন এখন প্রকাশ্যে চলে এসেছে এবং তার প্রভাব নির্বাচনে পড়বে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাঁকুড়া সদর কেন্দ্রে। ২০২১ সালে বিজেপির দখলে যাওয়া এই আসন পুনর্দখলে মরিয়া তৃণমূল, অন্যদিকে বিজেপিও আসন ধরে রাখতে সর্বশক্তি প্রয়োগ করছে।
এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ প্রার্থীর নির্দল হয়ে লড়াই ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট