
সোনারপুর, ৭ এপ্রিল (হি.স.): হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে নিজের ফেসবুক প্রোফাইল থেকে সমাজ মাধ্যমে পোস্ট করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি। সোমবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে তিনি পোস্ট করেন, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” পোস্টের নিচে হ্যাশট্যাগে কয়েকটি নামের উল্লেখের পর হ্যাশট্যাগ দিয়ে লেখা বাংলাদেশ ভোট লিখেছেন লাভলি। যা নিয়ে শুরু হল রাজনৈতিক জল্পনা।
লাভলির এই ফেসবুক পোস্ট ও হ্যাশট্যাগ বাংলাদেশ প্রসঙ্গে এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রূপা গাঙ্গুলি মঙ্গলবার বলেন, “ও কি বাংলাদেশে নির্বাচন লড়ছে! না কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার স্বপ্ন দেখছে? জানি না ও কেন এরকম লিখেছে, যা বলেছে ঠিক বলেনি। ও ভাবছে বাংলাদেশি লোকেরা ওঁকে ওখান থেকে সাপোর্ট দেবে। স্বপ্ন দেখছে।” যদিও বিতর্ক দানা বাধায় সেই পোস্ট ইতিমধ্যেই মুছে দিয়েছেন লাভলি।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা