রাধানগর ব্রিজের ওপর স্বাভাবিক জীবন, নিচে নেশার কালো দুনিয়া, পুলিশের নীরবতায় ক্ষোভ
আগরতলা, ৭ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় রাধানগর ব্রিজের নিচে দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছে নেশা সামগ্রীর প্রকাশ্য বাজার। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কারবার চললেও পশ্চিম আগরতলা থানার পুলিশের ভূমিকা কার্যত নীরব দর্শকের মত। স্থানীয় সূত্রে জা
রাধানগর ব্রিজ


আগরতলা, ৭ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় রাধানগর ব্রিজের নিচে দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছে নেশা সামগ্রীর প্রকাশ্য বাজার। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কারবার চললেও পশ্চিম আগরতলা থানার পুলিশের ভূমিকা কার্যত নীরব দর্শকের মত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামলেই রাধানগর ব্রিজের নিচে ভিড় জমাতে শুরু করে বিভিন্ন এলাকা থেকে আসা যুবকদের দল। অনেকটা প্রাইভেট টিউশনের মতোই ব্যাচে ব্যাচে এসে তারা এখানে নেশা দ্রব্য সংগ্রহ করে। মদ, গাঁজা, ব্রাউন সুগার থেকে শুরু করে ইয়াবা ট্যাবলেট—সব ধরনের নেশা সামগ্রী সহজলভ্য এই এলাকায়। কেউ কেউ নেশা সামগ্রী কিনে নিয়ে চলে গেলেও, অনেকেই সেখানেই বসে তা সেবন করছে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, বটতলা জহর ব্রিজের মতই রাধানগর ব্রিজের নিচেও এখন নেশার রমরমা ব্যবসা চলছে। পুরো বিষয়টি অনেকটাই প্রকাশ্য পরিচালিত হলেও তা যেন সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে। নেশা কারবারি ও সেবনকারীদের জন্য এই জায়গাটি একপ্রকার নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এমনকি গোপন ক্যামেরায়ও এই চিত্র ধরা পড়েছে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, এই অবৈধ কারবার সম্পর্কে পশ্চিম আগরতলা থানার পুলিশ আধিকারিকরা বিস্তারিতভাবেই অবগত। তারপরও নিয়মিত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। মাঝে মধ্যে তিন থেকে চার মাস অন্তর প্রশাসনের উপর মহলের চাপ বাড়লে পুলিশ অভিযান চালায় এবং সংবাদমাধ্যমকে জানিয়ে তা প্রচার করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের।

এদিন এলাকার দুই ইটভাঙা শ্রমিকও এই পৃরতিবেদককে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, দিনের পর দিন এই অবস্থা চললেও প্রশাসনের তরফে কোনও স্থায়ী সমাধান করা হচ্ছে না।

এছাড়াও, উদ্বেগজনক বিষয় হল—এই এলাকা শুধুমাত্র নেশার বাজারেই সীমাবদ্ধ নয়, বরং এটি এইচআইভি সংক্রমণের ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠছে। কারণ, এখানে সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণের প্রবণতা বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

উপরের ব্রিজে যেখানে ব্যস্ত নাগরিক জীবনের স্বাভাবিক ছন্দ, ঠিক তার নিচেই আধো অন্ধকারে নেশার ছোবলে ধ্বংস হচ্ছে একাংশ যুবসমাজের ভবিষ্যৎ। প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি উঠছে শহরবাসীর তরফে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande