দ্বিতীয় দফায় হাফলং আসনের ২৩৮টি ভোটকেন্দ্রের উদ্দেশে যাত্রা ভোটকর্মীদের
হাফলং (অসম), ৮ এপ্রিল (হি.স.) : গতকাল প্রথম দফার পর, আজ বুধবার দ্বিতীয় দফায় ডিমা হাসাও জেলার অন্তর্গত ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনের ২৩৮টি ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটকর্মীরা ভোট-সামগ্রী নিয়ে নিজের নিজের গন্তব্যস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছ
হাফলঙে ভোট-সামগ্রী সংগ্রহ করছেন ভোটকর্মীরা


হাফলং (অসম), ৮ এপ্রিল (হি.স.) : গতকাল প্রথম দফার পর, আজ বুধবার দ্বিতীয় দফায় ডিমা হাসাও জেলার অন্তর্গত ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনের ২৩৮টি ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটকর্মীরা ভোট-সামগ্রী নিয়ে নিজের নিজের গন্তব্যস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

ডিমা হাসাও জেলার অন্তর্গত ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনের ২৬১টি ভোটকেন্দ্রের মধ্যে গতকাল মঙ্গলবার প্রথম দফায় জেলার ২৩টি দুর্গম ও প্রত্যন্ত ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। গতকাল রাতেই তাঁরা নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন। আজ বুধবার দ্বিতীয় দফায় জেলার বাকি ২৩৮টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা ভোটগ্রহন কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

ডিমা হাসাওয়ের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙে জানিয়েছেন, হাফলং বিধানসভা সমষ্টির ২৬১টি ভোটগ্রহণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে। তাছাড়া স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে যাতে ভোটগ্রহণে কোনও ধরনের গোলমালের সৃষ্টি না হয়। তাছাড়া ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাশাসক বলেন, যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেই সব ভোটকেন্দ্রে ব্যাটারির মাধ্যমে সমগ্র ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ডিং করা হবে। তবে ভোটাররা যে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তা সম্পূর্ণ গোপনীয় থাকবে বলে জানিয়ে তিনি বলেন, ডিমা হাসাও জেলায় ২৬১টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্র অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওই সব স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়ে জেলা নির্বাচনী আধিকারিক বলেন, ভোটার পরিচয়পত্র ছাড়া নির্বাচন কমিশন কর্তৃক অন্য আরও ১২টি পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যানকার্ড, ড্রাইভিং লাইসেন্স, আয়ুষ্মান কার্ড, এমজিএনরেগা কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুকের মতো প্রমাণিক পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা।

জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী হাইলিঙে জানান, আগামীকাল বৃহস্পতিবার ভোটের জন্য স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। তাই আগামীকাল প্রত্যেক যোগ্য ভোটার যাতে সকাল ৭-টা থেকে বিকাল ৫-টার মধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এই আহ্বান জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে।

উল্লেখ্য, হাফলং বিধানসভা আসনের ৬৭টি স্পর্শকাতর ভোটকেন্দ্রের মধ্যে ১১টি ভোটকেন্দ্রে নেই মোবাইল ও ইন্টারনেট পরিষেবা এবং ২৭টি ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ। হাফলং বিধানসভা আসনকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৩ জন জোনাল অফিসার, ৬৮ জন সেক্টর অফিসার এবং ১ হাজার ২৫২ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande