জয়পুর মেট্রো ফেজ-২ প্রকল্পে কেন্দ্রের ছাড়পত্র, গড়ে উঠবে ৪১ কিমি দীর্ঘ করিডর
নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) : শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জয়পুর মেট্রো ফেজ-২ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৪১ কিলোমিটার দীর্ঘ উত্তর-দক্ষিণ করিডর ন
জয়পুর মেট্রো ফেজ-২ প্রকল্পে কেন্দ্রের ছাড়পত্র, গড়ে উঠবে ৪১ কিমি দীর্ঘ করিডর


নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) : শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জয়পুর মেট্রো ফেজ-২ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৪১ কিলোমিটার দীর্ঘ উত্তর-দক্ষিণ করিডর নির্মাণে ছাড়পত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দ্রুত বর্ধনশীল জয়পুর শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও পর্যটনের চাহিদা মাথায় রেখেই এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। ফেজ-২ চালু হলে শহরের বিস্তীর্ণ অংশ মেট্রো পরিষেবার আওতায় আসবে এবং পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ করিডরের মধ্যে সমন্বিত সংযোগ গড়ে উঠবে। এই প্রকল্পের আওতায় প্রহ্লাদপুরা থেকে টোড়ি মোড় পর্যন্ত মোট ৩৬টি স্টেশন তৈরি হবে। এর মধ্যে দু’টি স্টেশন ভূগর্ভস্থ এবং বাকি স্টেশনগুলি উড়ালপথে নির্মিত হবে। পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৩৮ কোটি টাকা। নির্মাণের দায়িত্বে থাকবে রাজস্থান মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, যা কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ। নতুন এই করিডরের মাধ্যমে সীতাপুরা শিল্পাঞ্চল, ভিকেআইএ, জয়পুর বিমানবন্দর, টঙ্ক রোড, এসএমএস হাসপাতাল, আম্বাবাড়ি এবং বিদ্যাধর নগর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত হবে। বিমানবন্দর সংলগ্ন অংশে কিছু স্টেশন ভূগর্ভস্থভাবে নির্মিত হবে। ফেজ-২ প্রকল্পটি বর্তমান ফেজ-১-এর সঙ্গে যুক্ত হয়ে শহরে একটি সমন্বিত মেট্রো নেটওয়ার্ক গড়ে তুলবে। বর্তমানে ফেজ-১-এর ১১.৬৪ কিলোমিটার করিডরে প্রতিদিন গড়ে প্রায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করেন। ফেজ-২ চালু হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট কমবে, দূষণ হ্রাস পাবে এবং সাধারণ মানুষ দ্রুত ও উন্নত পরিবহণ সুবিধা পাবেন। প্রকল্পটির অর্থনৈতিক কার্যকারিতাও উল্লেখযোগ্য—এর অভ্যন্তরীণ মুনাফার হার ১৪ শতাংশেরও বেশি বলে অনুমান করা হয়েছে। রাজস্থান সরকারের ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) নীতি-২০২৫ এবং জাতীয় নগর পরিবহণ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। ২০৩১ সালের সেপ্টেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande