
ধর্মনগর (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি.স.): উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রে আগামীকাল ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত উপনির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনের তরফে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই পুরো এলাকা জুড়ে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে।
বুধবার সকাল থেকেই ধর্মনগরের পিএম শ্রী সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ব্যস্ততার চিত্র চোখে পড়ে। সকাল ৯টা নাগাদ ভোটগ্রহণে নিয়োজিত কর্মীরা ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন), ভিভিপ্যাট সহ সমস্ত প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিটি দলের সঙ্গে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়, যাতে নিরাপদে ভোট সামগ্রী পৌঁছে দেওয়া যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই উপনির্বাচনে মোট ৫৫টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি পোলিং স্টেশনকে ‘মডেল পোলিং স্টেশন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, এই মডেল পুলিং স্টেশন সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। নির্বাচনী প্রক্রিয়ায় মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ও সক্ষমতা তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি বুথে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা থাকবে। পাশাপাশি, সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।
ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথে পানীয় জল, শৌচাগার, ছায়াযুক্ত অপেক্ষা কক্ষ সহ প্রয়োজনীয় মৌলিক পরিষেবা নিশ্চিত করা হয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
এবারের উপনির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা গেলেও, প্রশাসনের মূল লক্ষ্য শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করা। ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রশাসন আশাবাদী যে, ভোটাররা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ