
ধর্মনগর (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮৪.৪২ শতাংশ। প্ৰসঙ্গত, আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাতটা থেকে ৫৫টি ভোটকেন্দ্রে শুরু হয়েছিল ভোটগ্ৰহণ, শেষ হয়েছে বিকাল পাঁচটায়।
এ তথ্য দিয়ে নির্বাচনী আধিকারিক দেবযানী চৌধুরী জানান, অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, কোথাও ইভিএম বিকল বা কোনও অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।
তিনি জানান, আজকের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা বিজেপির জহর চক্রবর্তী, কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, সিপিআই (এম)-এর অমিতাভ দত্ত, এসইউসিআই-এর সঞ্জয় চৌধুরী, নির্দলীয় প্রার্থী ব্রজলাল দেবনাথ এবং আমরা বাঙালি-র বিভাসরঞ্জন দাস।
ধর্মনগর আসনে ২২,৩৮০ জন পুরুষ; ২৩,৭৬৩ জন মহিলা এবং ৯২৪ জন নতুন ভোটার সহ মোট ভোটারের সংখ্যা ৪৬,১৮৩। অবাধ ও সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য মোট ৫৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১১টি মডেল ভোটকেন্দ্র এবং আরও ১১টি সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হয়েছে। এছাড়া মহিলা ভোটকর্মীদের সুবিধার জন্য আলাদা পিঙ্ক কাউন্টার স্থাপন করা হয়েছিল, জানান নির্বাচনী আধিকারিক দেবযানী চৌধুরী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস