
শিমলা, ৯ এপ্রিল (হি.স.) :হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ি এলাকায় ফের তুষারপাতের জেরে শীতের প্রকোপ বেড়েছে। পাশাপাশি শিমলায় শিলাবৃষ্টির কারণে আপেল চাষে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বেগে পড়েছেন বাগান মালিকরা।
বুধবার রাত থেকে লাহুল-স্পিতিতে, কিন্নৌর, কুল্লু ও চম্বার উচ্চ পার্বত্য এলাকায় দফায় দফায় তুষারপাত হয়েছে। অন্যদিকে শিমলা-সহ নীচু ও মধ্যবর্তী এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকালেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের আমেজ বজায় রয়েছে।
বিশেষ করে শিমলার উঁচু এলাকায় শিলাবৃষ্টির প্রভাবে আপেল ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই সময় ফসলের গুরুত্বপূর্ণ সময় চলায় ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে।
এদিকে তাজা তুষারপাতের কারণে চৌপাল, রোহড়ু-সহ কুল্লু ও লাহুল-স্পিতির একাধিক সংযোগ সড়ক এখনও বন্ধ রয়েছে। প্রশাসনের তরফে রাস্তা পরিষ্কারের কাজ চলছে, তবে উঁচু এলাকায় যাতায়াত স্বাভাবিক হতে সময় লাগতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ এপ্রিল পর্যন্ত রাজ্যের মধ্য ও পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।
তবে ১৩ এপ্রিলের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য