
মিনাখাঁ, ৯ এপ্রিল (হি.স.): উত্তর ২৪ পরগণার মিনাখাঁর জনসভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জোর দিয়ে বলেন, ৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। মিনাখাঁয় দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে বক্তৃতা করেন মমতা। তিনি বলেন, সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সুন্দরবনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর বন্যা হলে সুন্দরবন জেলায় আসি।
মমতা এদিনের জনসভা থেকে বলেন, যুবসাথীদের জীবিকার সন্ধান করে দেব। সব কাঁচা বাড়ি পাকা করে দেব। দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ১০৫টি প্রকল্প আছে। যা বিশ্বের কোথাও নেই। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও। ওরা মহিলা, কৃষক, শ্রমিক বিরোধী, ভাই-বোনেদের, সংখ্যালঘু বিরোধী। গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপি রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। সব বন্ধ করে দিয়েছে।
জনসভায় উপস্থিত মানুষজনের উদ্দেশে মমতা বলেন, জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা চলে যাবে। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাঁদের আটকে দাও। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ