
কোহিমা, ৯ এপ্রিল (হি.স.) : নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের শুরুর দিকেই উল্লেখযোগ্য ভোটদানের হার লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১১-টা পর্যন্ত কোরিডাং কেন্দ্রে ৪১.০৬ শতাংশ ভোটদান হয়েছে, যা চলমান উপনির্বাচনগুলির মধ্যে সর্বাধিক। সকাল ৭-টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ধীরে ধীরে ভোটারদের উপস্থিতিতে তা এগিয়ে চলেছে, জানিয়েছে নির্বাচন কমিশন।
বিজেপির প্রবীণ নেতা ও বর্তমান বিধায়ক ইমকং এল ইমচেনের মৃত্যুর পর এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপনির্বাচনে বিশেষ নজর কেড়েছেন দুই প্রার্থী। তাঁরা প্রয়াত বিধায়ক ইমকং এল ইমচেনের পুত্র বিজেপি-প্রার্থী দাওচিয়ের আই ইমচেন এবং কংগ্রেসের প্রার্থী টি চালুকুম্বা আও।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিস্তৃত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস