
কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার বিষয় নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বৃহস্পতিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “লক্ষ্য করেছেন কি, তৃণমূল নেত্রীর মঞ্চে মঞ্চে ঘুরে চীৎকার শুধু নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আর প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ? রাজ্যের সর্বব্যাপী দুর্নীতি ও কর্মসংস্থান সম্বন্ধে একটি কথাও নেই ”
প্রসঙ্গত, গত ক’দিন ধরেই বিভিন্ন সভায় তৃণমূল নেত্রীর বক্তব্যের মূল তোপ নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে। বৃহস্পতিবার তিনি পানিহাটির সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, বাইরে থেকে অস্ত্র আর টাকা আসছে। বিজেপির মিছিলে লোক নেই বলে এজেন্সি দিয়ে হোর্ডিং লাগানো হচ্ছে। গরিব মানুষকে ৫০০ টাকা দিয়ে মিছিলে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি কটাক্ষ করে তিনি যোগ করেন, একজন সেলুন মালিক মিছিলে যাওয়ার টাকার লোভে দোকান বন্ধ রাখতেন! এ কেমন রাজনীতি ! তাঁর অভিযোগ, দুর্যোগ বা সাধারণ মানুষের বিপদের সময়ে বিজেপিকে পাশে পাওয়া যায় না, অথচ দিল্লিতে বসে বাংলাকে 'অনুপ্রবেশকারীর রাজ্য' বলা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত