
কলকাতা, ১ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের পর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে এবং সমস্ত পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশিকা অনুযায়ী, ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার কেন্দ্রের ৪টি বুথে আগামী ২ মে পুনর্ভোট গ্রহণ করা হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।মগরাহাট পশ্চিম কেন্দ্রের যে বুথগুলিতে পুনর্নির্বাচন হবে, তার মধ্যে রয়েছে উত্তর ইয়ারপুর এফপি স্কুল, নাজরা এফপি স্কুল, দেউলা এফপি স্কুল, ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, একতারা মালয়া এফপি স্কুল এবং বাহিরপুয়া কুরকুরিয়া এফপি স্কুলের একাধিক বুথ। অন্যদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রের বাগদা জুনিয়র হাই স্কুল, চান্দা এফপি স্কুল, হারিদেবপুর এফপি স্কুল ও রায়নগর এফপি স্কুলের বুথেও পুনর্ভোট হবে।নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পুনর্নির্বাচনের বিষয়ে ব্যাপক প্রচার চালানো হবে এবং প্রার্থীদের লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়