
কলকাতা, ১ মে (হি. স. ) : শুক্রবার ভোর থেকেই মেঘলা আকাশ। কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আকাশে। এদিকে বৃহস্পতিবার রাতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরের দুই জেলায়।
মাঝে মধ্যে আকাশ পরিষ্কার হলেও সেভাবে রোদের তেজ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কমবেশি হয়েছে বৃষ্টি। তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।
দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি লক্ষ্য করা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত