সাচীরামবাড়িতে টিএসআর-এর সচেতনতামূলক শিবির, মাদক ও এইচআইভি রোধে বার্তা
সাব্রুম (ত্রিপুরা), ১৫ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাচীরামবাড়ি এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিকেলে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। সাচীরামবাড়ি বাজারে বিকেল ৫টায় অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে ১৪ নম্বর টিএসআর ব্য
সচেতনতামূলক কর্মসূচি


সাব্রুম (ত্রিপুরা), ১৫ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাচীরামবাড়ি এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিকেলে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। সাচীরামবাড়ি বাজারে বিকেল ৫টায় অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে ১৪ নম্বর টিএসআর ব্যাটেলিয়ান।

শিবিরে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মাদকাসক্তি এবং এইচআইভি সংক্রমণের মতো গুরুতর সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা এসব সমস্যার কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন।

বিশেষ করে সাচীরামবাড়ি ও আশপাশের এলাকায় নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের প্রবণতা এবং অসচেতনতার কারণে সংক্রমণের হার বাড়ছে। তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা এখন সময়ের দাবি।

বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তারা বলেন, অল্প বয়সে বিয়ে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষাজীবন ব্যাহত করে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার এবং সচেতনভাবে যানবাহন চালানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর টিএসআর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড লাল হিম মলসম, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নিত্যানন্দ সরকার, সুবেদার সজল ভৌমিক এবং এলাকার জনপ্রতিনিধি বিধান ত্রিপুরা। তাঁরা সকলেই সামাজিক সমস্যা মোকাবিলায় প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সচেতনতামূলক শিবির সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। অনুষ্ঠানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

সামাজিক অবক্ষয় রোধ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে টিএসআর কর্তৃপক্ষ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande