
উত্তর ২৪ পরগনা, ১৫ মে (হি. স.) : ওভারহেড তার ছিঁড়ে গিয়ে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলো। রেল সূত্রে খবর, শুক্রবার গুমা ও অশোকনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার ফলে এই বিপত্তি ঘটে। এর জেরে ওই শাখার আপ ও ডাউন— উভয় লাইনেই ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
বিকেল নাগাদ আচমকাই তার ছিঁড়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। রেলের কারিগরি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। আচমকা এই বিভ্রাটে বনগাঁ শাখার যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি