স্কুলগামী অটো উল্টে আহত ৭ পড়ুয়া, তিনজনের অবস্থা গুরুতর
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১৫ মে : উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানাধীন জাতীয় সড়কে স্কুলপড়ুয়া বহনকারী একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে সাতজন ছাত্রছাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টা ন
সড়ক দুর্ঘটনায় আহত পড়ুয়া


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১৫ মে : উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানাধীন জাতীয় সড়কে স্কুলপড়ুয়া বহনকারী একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে সাতজন ছাত্রছাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ চুড়াইবাড়ির ৮ নম্বর আসাম-আগরতলা জাতীয় সড়কের কুর্তাগাছ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অসমের বাজারিছড়া থানার অধীন খাসিয়াপুঞ্জি এলাকা থেকে উত্তর ত্রিপুরার ওসেন হাট ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার পথে টিআর-০৫এ-২২৩৪ নম্বরের একটি দ্রুতগতির অটো দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, অসমের দিক থেকে আসা অটোটির সামনে হঠাৎ একটি পথকুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অটোটি রাস্তার ওপর উল্টে যায়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অটোতে থাকা সাতজন স্কুলপড়ুয়া আহত হয়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং চুড়াইবাড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রেমতলা দমকল কেন্দ্রের কর্মীদেরও খবর দেওয়া হয়।

দমকলকর্মীরা আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে দ্রুত কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। পরে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকেরা আহতদের উন্নত চিকিৎসার জন্য অসমের মাকুন্দা লেপ্রসিকাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে ওই হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত সাতজনের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্কুলগামী যানবাহনের নিরাপত্তা এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande