
আরামবাগ, ১৫ মে (হি.স.) : গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে তিনি বর্তমান বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গোঘাটের অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন।
ভিডিও বার্তায় মানস মজুমদার বলেন, “গোঘাটবাসী যেভাবে প্রশান্ত দিগারকে আশীর্বাদ করেছেন, মানুষের সেই প্রত্যাশা পূরণ করার দায়িত্ব এখন তাঁর।” এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে কাজ করার বার্তাও দেন তিনি।
এ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বিশ্বক্রান্তি সেন বলেন, “প্রশান্ত দিগার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছেন। বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করবে।”
তিনি আরও বলেন, “মানুষের উন্নয়নের স্বার্থে বিরোধীরা বাধা সৃষ্টি না করে গঠনমূলক সমালোচনা করুক। আমরা সেই সমালোচনাকে সাদরে গ্রহণ করব।”
ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মতভেদ থাকলেও উন্নয়নের প্রশ্নে এমন ইতিবাচক বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA