
আরামবাগ, ১৫ মে (হি.স.): সমাজ সচেতনতার বার্তা দিতে বছরভর নানা অভিনব উদ্যোগ নিয়ে মানুষের কাছে পৌঁছে যান হুগলির খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়। বহুরূপী সেজে বাল্যবিবাহ রোধ, রক্তদান ও সবুজায়নের প্রচার—সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় উপস্থিতি। মানুষের কাছে তিনি পরিচিত ‘গোলাপ সুন্দরী’ নামেই।
এবার গোঘাটে দেখা গেল তাঁর নতুন উদ্যোগ। শুক্রবার পথচলতি সাধারণ মানুষের হাতে আমগাছের চারা তুলে দিয়ে সবুজায়নের বার্তা দিলেন এই শিক্ষক। জানা যায়, চলতি বছরে প্রায় ৫০ হাজার গাছ বিতরণের লক্ষ্য নিয়েছেন তিনি। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন গোঘাটে এই উদ্যোগ নেওয়া হয়।
এদিন বহু মানুষ তাঁর হাত থেকে গাছের চারা গ্রহণ করেন। চারা পেয়ে খুশি হন পথচলতি সাধারণ মানুষও।
দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, “আগামীর পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য করে তুলতেই আমার এই ছোট প্রচেষ্টা। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে।”
তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শিক্ষকের এই প্রচেষ্টা নজর কেড়েছে সকলের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA