ব্রিকস বৈঠকে বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার ও সহযোগিতার বার্তা জয়শঙ্করের
নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): ব্রিকস গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠকে বিশ্ব শাসনব্যবস্থা ও বহুপাক্ষিক কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। শুক্রবার ভারত মণ্ডপমে আয়োজিত বৈঠকের ‘গ্লোবাল গভর্ন্যান্স অ্যান্ড রিফর
ব্রিকস বৈঠকে বহুপাক্ষিক সংস্কার ও সহযোগিতার বার্তা জয়শঙ্করের


নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): ব্রিকস গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠকে বিশ্ব শাসনব্যবস্থা ও বহুপাক্ষিক কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। শুক্রবার ভারত মণ্ডপমে আয়োজিত বৈঠকের ‘গ্লোবাল গভর্ন্যান্স অ্যান্ড রিফর্ম অফ মাল্টিল্যাটারাল সিস্টেম’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।

জয়শঙ্কর বলেন, বর্তমান বিশ্ব আগের চেয়ে আরও বেশি সংযুক্ত, জটিল ও বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য ও সংস্কারভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “ভারতের বার্তা স্পষ্ট—সহযোগিতা অপরিহার্য, সংলাপ প্রয়োজনীয় এবং সংস্কারের দাবি বহুদিনের।”

তিনি রাষ্ট্রসংঘে সংস্কার এগিয়ে নিয়ে যেতে নির্ধারিত এজেন্ডার ভিত্তিতে লিখিত আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী—উভয় শ্রেণির সদস্য সংখ্যা না বাড়ালে রাষ্ট্রসংঘের কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা সীমাবদ্ধই থেকে যাবে বলেও মন্তব্য করেন।

আন্তর্জাতিক আর্থিক কাঠামোয় দ্রুত সংস্কারের দাবি জানিয়ে জয়শঙ্কর বলেন, এর মাধ্যমে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে। উন্নয়ন ও জলবায়ু সংক্রান্ত অর্থায়নের সুযোগ বাড়ানোর উপরও জোর দেন তিনি।

বিদেশমন্ত্রী আরও বলেন, নিয়মভিত্তিক, উন্মুক্ত, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সরবরাহ শৃঙ্খলের কেন্দ্রীকরণ, অ-বাজারভিত্তিক প্রথা ও অনিশ্চিত বাজার প্রবেশাধিকারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বাণিজ্য কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর।

এক্স মাধ্যমে জয়শঙ্কর পরে লেখেন, “বর্তমান সময়ের বার্তা স্পষ্ট—সহযোগিতা অপরিহার্য, সংলাপ প্রয়োজনীয় এবং সংস্কার অনেক আগেই হওয়া উচিত ছিল।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande