
বেঙ্গালুরু, ১৫ মে (হি.স.): কর্নাটকের একাধিক জেলায় প্রবল বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের জেরে বৃহস্পতিবার রাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয়াপুরা, দাভাঙ্গের-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির জেরে দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। বহু জায়গায় বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে গিয়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও।
বিজয়পুরা জেলার আলামেলা তালুকের মোরগাটি গ্রামে প্রবল ঝড়-বৃষ্টির জেরে একটি বাড়ির ছাদ ও দেওয়াল ধসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়। মৃতরা হলেন গুরুনাথ বাডিগের (৩৫), তাঁর স্ত্রী জ্যোতি বাডিগের (২৮), মেয়ে কালাম্মা (১৩) ও কীর্তি (৯)। এছাড়া, বিজয়পুরারই মুদ্দেবিহাল তালুকের বিদরাকুন্ডি গ্রামে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দাভাঙ্গেরে জেলার জারেকাট্টে গ্রামে মাঠে গবাদি পশু চরানোর সময় বজ্রপাতে মৃত্যু হয় অজিত (১৯) নামে এক যুবকের।
প্রবল বৃষ্টিতে বেলাগাভি জেলার খানাপুর তালুকের ভুরানকি গ্রামে একটি স্কুলের ছাদ উড়ে যায়। আথানি তালুকের সাম্বারগি গ্রামে পাঁচটি বাড়ির ছাদ ভেঙে পড়ে খাদ্যশস্য ও গৃহস্থালির সামগ্রী নষ্ট হয়েছে। হাভেরি জেলার ইজারিলাকাম্মাপুর এলাকায় যাযাবর সম্প্রদায়ের ঝুপড়িও ঝড়ে উড়ে যায়। চিকমাগালুর-শ্রীঙ্গেরী রাজ্য মহাসড়কের গাছ পড়ে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।
এদিকে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণ ও উত্তর কর্নাটকের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। বেঙ্গালুরু শহর ও গ্রামীণ এলাকা, চিত্রদুর্গা, কোলার এবং চিক্কাবল্লপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য