
নয়াদিল্লি, ১৫ মে (হি স)। নিট পরীক্ষার জন্য নতুন দিন ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ শুক্রবারের এই বৈঠকে তিনি বলেন, ২০২৬ সালের ২১ জুন নির্ধারিত নিট-ইউজি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১৪ জুনের মধ্যে। পরীক্ষা কেন্দ্র হিসেবে পছন্দের শহর বেছে নিতে ছাত্রছাত্রীরা এক সপ্তাহ সময় পাবে৷
তিনি বলেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল ছাত্রছাত্রী এবং তাদের ভবিষ্যৎ। সরকার ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও চেষ্টার প্রতি সর্বদা সংবেদনশীল থেকেছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয় সামনে আসতেই অবিলম্বে আলোচনা হয়৷ এনটিএ এবং সরকার, উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে মিলে একটি প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর বিষয়টি ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে৷
প্রাথমিকভাবে, বিষয়টি ২-৩টি রাজ্যের সঙ্গে সম্পর্কিত বলে মনে হওয়ায়, সেই রাজ্যগুলোর সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় স্থাপন করা হয়েছিল। এই প্রক্রিয়াটি কার্যকরভাবে ৭ মে রাতে শুরু হয় এবং তা অব্যাহত রয়েছে৷
তিনি বলেন, আমরা চাইনি যে শিক্ষা মাফিয়াদের চক্রান্তের কারণে কিংবা কোনও অযোগ্য প্রার্থীর অন্যায় উপায়ে সুবিধা লাভের ফলে কোনও যোগ্য শিক্ষার্থী তার অধিকার থেকে বঞ্চিত হোক৷ মেধাবী শিক্ষার্থীদের স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, সরকার আপনাদের পাশে আছে। শিক্ষামন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরও বলেন, অভিভাবক হিসেবে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে এবং একজন মন্ত্রী হিসেবে - যা ঘটেছে, তাতে আমরা সকলেই গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তবে বৃহত্তর লক্ষ্য এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে আমাদের একটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। শিক্ষার্থীদের আস্থা আমাদের কাছে সর্বাগ্রে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত