
শ্রীভূমি (অসম) ১৫ মে (হি.স.) : বর্ষাকালে জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থান নিল শ্রীভূমি জেলা প্রশাসন। শহর ও জেলার বিভিন্ন এলাকায় ড্রেন, নালা, খাল এবং জলনিকাশি ব্যবস্থার উপর গড়ে ওঠা অবৈধ দখল ও নির্মাণ অপসারণে জারি করা হয়েছে কড়া নির্দেশ। জেলা প্রশাসনের এই পদক্ষেপকে বর্ষার আগাম প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।
শুক্রবার জেলা কমিশনার তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যানের জারি করা এক নির্দেশে জাতীয় সড়ক, রাজ্য সড়ক, পিডব্লিউডি সড়ক, সরকারি খাস জমি, খাল এবং ফুটপাত-কাম-ড্রেনের উপর থাকা সব ধরনের অবৈধ দখল, বাধা ও নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে, জেলার বিভিন্ন এলাকায় ড্রেন ও নালার উপর বেআইনি নির্মাণ এবং দখলদারির কারণেই সামান্য বৃষ্টিতেই জল জমে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে শহর ও গ্রামাঞ্চলের বহু মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে শ্রীভূমি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় প্রশাসন এবার কড়া অবস্থান গ্রহণ করেছে।
এই নির্দেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিকদের পাশাপাশি পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত সড়ক বিভাগ, এনএইচআইডিসিএল, জলসম্পদ বিভাগ এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা এবং দখলমুক্ত করার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
তবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলিকে আগাম নোটিশ দেওয়ার নির্দেশ রয়েছে। একই সঙ্গে প্রশাসন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সরকারি কাজে বাধা সৃষ্টি বা উচ্ছেদ অভিযানে হস্তক্ষেপ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা ৩০, ৩৪, ৪১ ও ৫১ অনুসারে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
বর্ষার সময় সাধারণ মানুষের দুর্ভোগ কমানো, জলনিকাশি ব্যবস্থা সচল রাখা এবং শহরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতেই এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস