


গুয়াহাটি, ১৬ মে (হি.স.) : গুয়াহাটির দিশপুরে উদ্বোধন হলো দেশের প্রথম এআই-পাওয়ার্ড ‘স্লাইস স্মল ফিনান্স ব্যাংক’-এর প্রধান শাখা। এই ব্যাংকে গ্রাহকদের সমস্ত কাজ কৃত্রিম মুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে।
আজ শনিবার দিশপুরের জিএস রোডে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ‘স্লাইস স্মল ফিনান্স ব্যাংক’-এর প্রধান শাখার উদ্বোধন করেছেন। দেশের ব্যাংকিং পরিষেবায় ইতিমধ্যেই নতুন দিগন্তের সূচনা করেছে ভারতের প্রথম এআই-পাওয়ার্ড ফিজিটাল ব্যাংক। ভারতের লক্ষ লক্ষ মানুষের মধ্যে ইতিমধ্যেই আশার সঞ্চার করেছে এই ব্যাংক।
দিশপুরে গুয়াহাটির প্রধান শাখার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ড. শর্মা ‘নতুন অসম’-এর প্রসঙ্গ তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমের ভবিষ্যৎ উজ্জ্বল করতে জাতীয় স্তরের বড় বড় প্রতিষ্ঠান অসমে তাদের কার্যালয় খুলছে। ধীরে ধীরে অসমের ছেলেমেয়েদের অন্য রাজ্যে কাজের জন্য যেতে হবে না।
তিনি বলেন, ‘স্লাইস স্মল ফিনান্স ব্যাংক’ মূলত প্রচলিত ও ডিজিটাল ব্যাংকিং পরিষেবাকে একত্রিত করে গ্রাহকদের আরও সহজ ও স্মার্ট ব্যাংকিং সুবিধা দেবে। এই ব্যাংকে টাকা জমা, টাকা তোলা, পাসবুক আপডেট, ক্রেডিট কার্ড সংক্রান্ত কাজের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এআই প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের অধিকাংশ কাজ সম্পন্ন হবে।
অসমের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এক হাজারের বেশি যুবক-যুবতীকে কর্মসংস্থান দিয়েছে ‘স্লাইস স্মল ফিনান্স ব্যাংক’। রাজ্যের বিভিন্ন শহরে এই ব্যাংকের শাখা চালু রয়েছে। মুখ্যমন্ত্রীর আশা, ভবিষ্যতে ‘স্লাইস স্মল ফিনান্স ব্যাংক’ দেশের অন্যতম বৃহৎ ব্যাংকে পরিণত হবে। সরকার সবরকম সহযোগিতা প্রদান করবে এই ব্যাংককে।
উল্লেখ্য, ‘স্লাইস স্মল ফিনান্স ব্যাংক’ হলো রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া অনুমোদিত একটি ব্যাংক। ডিজিটাল ব্যাংক হিসেবে ইতিমধ্যেই কোটি কোটি গ্রাহকের আস্থা অর্জন করেছে এই ব্যাংক। বিশেষ করে ঋণ ও ক্রেডিট কার্ড পরিষেবা গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ‘স্লাইস স্মল ফিনান্স ব্যাংক’।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস