
শিলিগুড়ি, ১৬ মে (হি.স.): উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শনিবার প্রথমবার মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’-য় পৌঁছে প্রশাসনিক বৈঠক করলেন নিশীথ প্রামাণিক। প্রথম বৈঠকেই দুর্নীতি এবং নিম্নমানের কাজ নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিগত সময়ে হওয়া সমস্ত নিম্নমানের কাজের তদন্ত করা হবে এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে।
এদিন উত্তরকন্যায় পৌঁছালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা মন্ত্রীকে স্বাগত জানান। এরপর আয়োজিত পর্যালোচনা বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিগত দিনে যারা নিম্নমানের কাজ করেছে, তাদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করা হবে। এই দফতরে কোনোভাবেই কোনো রকম ‘ঠিকাদার রাজ’, মধ্যসত্বভোগী বা দালালের দাপট বরদাস্ত করা হবে না।”
মন্ত্রী আরও যোগ করেন, যেখানে প্রকৃত উন্নয়নের প্রয়োজন, সেখানে নিয়ম মেনেই কাজ হবে। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কোনো ধরনের চক্রান্ত, গাফিলতি বা ঢিলেমি সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন। মন্ত্রীর এই কড়া মনোভাবের পর প্রশাসনিক অলিন্দে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি