
হুগলি , ১৬ মে (হি.স.) : ভোট-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে গোঘাটে এসে মৃত তৃণমূল কর্মী সহদেব বাগের পরিবারের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।
শনিবার আরামবাগের বিভিন্ন এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে যান দলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন বীরবহা হাঁসদা , জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল , নির্মল মাজি -সহ অন্যান্য সদস্যরা।
গোঘাটে মৃত তৃণমূল কর্মী সহদেব বাগের বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যদের ক্ষোভের মুখে পড়তে হয় প্রতিনিধিদলকে। পরিবারের অভিযোগ, এতদিন কেউ তাঁদের খোঁজ নিতে আসেননি। এমনকি স্থানীয় তৃণমূল নেতারাও পাশে দাঁড়াননি বলেও অভিযোগ তোলেন তাঁরা।
যদিও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বীরবাহা হাঁসদার দাবি, এলাকায় এখনও লাগাতার হুমকি ও ভয় দেখানোর পরিবেশ রয়েছে। স্থানীয় নেতারাও আতঙ্কের মধ্যে রয়েছেন। সমস্ত বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল পার্টি অফিসের পিছন থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী সহদেব বাগের মৃতদেহ। ঘটনার পর থেকেই মৃতের পরিবার রাজনৈতিক খুনের অভিযোগ তোলে। যদিও পুলিশের দাবি ছিল, অতিরিক্ত মদ্যপানের কারণেই সহদেব বাগের মৃত্যু হয়েছে।
এদিন তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও পর্যন্ত সঠিকভাবে করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA