
নয়াদিল্লি, ১৯ মে (হি. স.) : দিন দু’য়েক আগে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধির পর এবার কোপ পড়ল পাউরুটিতেও। মঙ্গলবার মুম্বই এবং তার পার্শ্ববর্তী এলাকায় পাউরুটির দাম একধাক্কায় প্রায় ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আপাতত বাণিজ্য নগরী মুম্বইয়ে ‘মডার্ন ব্রেড’ নামক একটি নির্দিষ্ট প্রস্তুতকারক সংস্থা এই দাম বাড়ালেও, বেকারি শিল্পের বিশেষজ্ঞদের আশঙ্কা— খুব শীঘ্রই ব্রিটানিয়া বা উইবসের মতো অন্যান্য বড় ব্র্যান্ডগুলিও দাম বাড়াতে পারে। আর তা কার্যকর হতে পারে গোটা দেশেই।
নতুন সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, মডার্ন ব্রেডের ৪০০ গ্রামের স্যান্ডউইচ লোফের দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। মাল্টিগ্রেন ব্রেডের দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। একইভাবে হোল হুইট ব্রেড ৫৫ টাকার বদলে ৬০ টাকা এবং ব্রাউন ব্রেড ৪৫ টাকার পরিবর্তে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ হোয়াইট পাউরুটির দামও ২০ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম একধাক্কায় ৩ টাকা বাড়ার পর, মঙ্গলবার ফের লিটার প্রতি ৯০ পয়সা দাম বেড়েছে। জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধির মাঝেই ‘আমুল’ (গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন) সারা দেশে দুধের দাম লিটারে ২ টাকা বাড়িয়েছিল। এবার দুধের পর পাউরুটির দাম বাড়ায় সাধারণ মানুষের পকেটে টান পড়ার পাশাপাশি দেশে খাদ্য মূল্যস্ফীতি বা ফুড ইনফ্লেশনের আশঙ্কা তীব্র হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বাস্কেটে চাল, গম, আটা বা পাউরুটির মতো নিত্যদিনের খাদ্যসামগ্রী থাকে। ফলে এর মধ্যে যেকোনো একটির দাম বাড়লে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতির সূচক একধাক্কায় অনেকটাই বেড়ে যায়, যা আগামী দিনে সাধারণ মানুষের চিন্তা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি