
আরামবাগ, ১৯ মে (হি.স.) : ভারতীয় নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায় -এর জন্মজয়ন্তী উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার রামমোহন-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার, ২২ মে সমাজ সংস্কারকের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, খানাকুল ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও, পুড়শুড়া বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও গুণীজনেরা।
জানা গিয়েছে, জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনিক ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এদিন উপস্থিত বক্তারা বলেন, রাজা রামমোহন রায় শুধু একজন সমাজ সংস্কারকই নন, আধুনিক ভারতের চিন্তাধারার অন্যতম ভিত্তিও স্থাপন করেছিলেন তিনি। নারী শিক্ষা, সতীদাহ প্রথা বিলোপ এবং সমাজ সংস্কারে তাঁর অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক।
জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। প্রশাসন ও পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA