ই-ফার্মেসির বিরুদ্ধে দেশজুড়ে ওষুধ বিক্রেতাদের ধর্মঘট, খোলা থাকবে জনঔষধি ও হাসপাতাল ফার্মেসি
নতুন দিল্লি, ১৯ মে (হি.স.) : ই-ফার্মেসি ও ইনস্ট্যান্ট মেডিসিন ডেলিভারি প্ল্যাটফর্মের বিরুদ্ধে বুধবার দেশজুড়ে ধর্মঘটে নামছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি)-এর অধীন দফতরভুক্ত কেমিস্ট, ফার্মাসিস্ট ও ওষুধ পরিবেশকরা। স
ই-ফার্মেসির বিরুদ্ধে দেশজুড়ে ওষুধ বিক্রেতাদের ধর্মঘট, খোলা থাকবে জনঔষধি ও হাসপাতাল ফার্মেসি


নতুন দিল্লি, ১৯ মে (হি.স.) : ই-ফার্মেসি ও ইনস্ট্যান্ট মেডিসিন ডেলিভারি প্ল্যাটফর্মের বিরুদ্ধে বুধবার দেশজুড়ে ধর্মঘটে নামছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি)-এর অধীন দফতরভুক্ত কেমিস্ট, ফার্মাসিস্ট ও ওষুধ পরিবেশকরা।

সংস্থার দাবি, অনলাইন ফার্মেসি পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নিয়মকানুনে একাধিক ফাঁক রয়েছে, যার ফলে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ছাড়াই এই সংস্থাগুলি কাজ করছে। সেই বিষয়গুলির দিকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার সংগঠনের তরফে জানানো হয়েছে, দেশে প্রায় ৭–৮ লক্ষ ওষুধের দোকান রয়েছে, যেগুলির বড় অংশই ধর্মঘটে বন্ধ থাকতে পারে। তবে স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, জনঔষধি কেন্দ্র, হাসপাতাল ফার্মেসি এবং আমৃত ফার্মেসি স্টোর স্বাভাবিকভাবে খোলা থাকবে।

একইসঙ্গে কিছু রাজ্য ও স্থানীয় কেমিস্ট সংগঠন এই ধর্মঘট থেকে সরে এসেছে বলেও জানা যাচ্ছে।অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস বা এআইওসিডি -র মহাসচিব রাজীব সিংঘল জানান, এই আন্দোলন সাধারণ মানুষকে সমস্যায় ফেলার জন্য নয়, বরং সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে।

তিনি অভিযোগ করেন, ই-ফার্মেসি ও ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপের মাধ্যমে অনেক ক্ষেত্রে ভুল বা ভুয়ো প্রেসক্রিপশনের ভিত্তিতেও ওষুধ সরবরাহ করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই প্রচলিত ওষুধ দোকানের মতোই অনলাইন ফার্মেসির ক্ষেত্রেও কঠোর নিয়ম চালুর দাবি জানিয়েছেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হলেও এখনও পর্যন্ত যথাযথ সাড়া মেলেনি বলেও অভিযোগ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande