
চেন্নাই, ১৯ মে (হি.স.) : প্রায় ৩০০ কোটি টাকার ব্যাংক জালিয়াতি ও মানি লন্ডারিং মামলায় মঙ্গলবার চেন্নাইয়ের একাধিক স্থানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্রের খবর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) থেকে ভুয়ো নথি দেখিয়ে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। গুম্মিডিপুন্ডি এলাকার একটি বেসরকারি সংস্থা ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ধাপে ধাপে এসবিআই থেকে বড় অঙ্কের ঋণ নেয় বলে অভিযোগ। পরবর্তীতে সেই ঋণ আর ফেরত না দেওয়ায় সন্দেহ তৈরি হয় ব্যাংক কর্তৃপক্ষের।
ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে একাধিক নথি ভুয়ো বলে চিহ্নিত হয়। এরপর বিষয়টি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর কাছে পাঠানো হয়। সিবিআই প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেনে অনিয়ম ও অর্থ পাচারের ইঙ্গিত পায়। সেই সূত্রেই মামলা মনি লন্ডারিং আইনের আওতায় যায় এবং তদন্তের দায়িত্ব নেয় ইডি।
মঙ্গলবার সকালে ইডির একাধিক দল চেন্নাইয়ের আন্না নগর, আয়নাভারম, থিরুমঙ্গলমসহ অন্তত আটটি স্থানে একযোগে তল্লাশি শুরু করে। আবাসিক বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ফাইনান্স সংক্রান্ত অফিসে নথিপত্র খতিয়ে দেখা হয়।
তদন্তকারীদের সন্দেহ, ঋণের মাধ্যমে পাওয়া অর্থ বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ করে তার উৎস গোপন করা হয়েছে। সেই কারণে তদন্তের পরিধি শুধু কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সংশ্লিষ্ট ফাইনান্সার ও ব্যবসায়িক নেটওয়ার্কেও ছড়িয়ে পড়েছে।
ইডির দল ব্যাংক নথি, সম্পত্তির কাগজপত্র, ডিজিটাল তথ্য, হার্ডডিস্ক, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও পরীক্ষা করছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য