
মুম্বই, ২৭ মে ( হি.স.): সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর সিং তাঁর আসন্ন ছবি ডন ৩ নিয়ে জড়িয়েছেন নানান বিতর্কে । ছবি থেকে তাঁর আকস্মিক সরে দাঁড়ানোর পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা বেড়েই চলেছে। ইতিমধ্যেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসি) রণবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে তাঁর সঙ্গে অসহযোগিতার ডাক দিয়েছে । এই ফেডারেশনের আওতাভুক্ত কোনও সদস্য রণবীরের সঙ্গে কোনও কাজ করবেন না। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা মনোজ বাজপেয়ী।
মঙ্গলবার মনোজ তাঁর আসন্ন ছবি গভর্নর-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে জানান , সিনে দুনিয়ায় সকলেই এখন এই বিষয়টি নিয়ে শুধুমাত্র সমাজ মাধ্যম এবং খবরের মধ্য দিয়েই জানতে পারছে। তবে নেপথ্যে ঠিক কী ঘটেছে , সেই বিষয়ে বিস্তারিত বিবরণ নেই । একজন সহ-অভিনেতা হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি যে, আশা করছি এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে। মনোজের এই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা ।
প্রসঙ্গত , 'ডন ৩'-এর প্রযোজনায় রয়েছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। প্রযোজনা সংস্থা প্রধান চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন অভিনেতা রণবীর সিংকে । প্রযোজক মহলের তরফে জানানো হয়েছে, ছবির প্রি-প্রোডাকশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর রণবীর আচমকাই এই ছবির কাজ থেকে সরে দাঁড়ান । নির্মাতাদের দাবি , ছবিটির প্রি-প্রোডাকশনে ইতিমধ্যেই বিপুল অর্থ খরচ হয়েছে । রণবীরের এই আকস্মিক সিদ্ধান্তের কারণে তাঁদের বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে অভিনেতার কাছ থেকে প্রায় ৪৫ কোটি টাকা দাবি করা হয়। বিষয়টি আপসে মীমাংসা না হওয়ায় শেষ পর্যন্ত এক্সেল এন্টারটেইনমেন্ট এফডব্লিউআইসি-এর দ্বারস্থ হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক