বিশ্ব ক্ষুধা দিবসে শিয়ালদহে দুঃস্থদের হাতে খাবার তুলে দিল ‘উৎকর্ষে আরোহণ’ ও ‘ভূতের রাজা দিল বর’
কলকাতা, ২৮ মে (হি.স.): বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে ক্ষুধার্ত ও অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো বিনামূল্যে রান্না করা খাবার। সমাজের দুঃস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর বার্তা
বিশ্ব ক্ষুধা দিবসে


কলকাতা, ২৮ মে (হি.স.): বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে ক্ষুধার্ত ও অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো বিনামূল্যে রান্না করা খাবার। সমাজের দুঃস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এই অভিনব ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘উৎকর্ষে আরোহণ’। এই কল্যাণমূলক কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলকাতার জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’।

এদিন দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে বহু পথচলতি মানুষ, দিনমজুর, শ্রমজীবী এবং অভাবগ্রস্ত মানুষের হাতে পুষ্টিকর খাদ্যের প্যাকেট তুলে দেন সংস্থার স্বেচ্ছাসেবকেরা। বিশ্ব ক্ষুধা দিবসের এই খাদ্য বিতরণকে কেন্দ্র করে এদিন শিয়ালদহ স্টেশন চত্বরে মানবিকতার এক অনন্য ছবি ধরা পড়েছে। ব্যস্ত শহরের বহু সাধারণ মানুষ ও পথচারীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংস্থার পক্ষ থেকে অনুপম মজুমদার বলেন, “বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজে এখনও বহু মানুষ প্রতিদিন সঠিক পুষ্টি ও খাদ্যের অভাবে কষ্ট পান। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সকলের একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

উদ্যোক্তাদের দাবি, শুধুমাত্র একটি বিশেষ দিনকে কেন্দ্র করেই নয়, ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। রেলযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা— সকলের কাছ থেকেই এই কাজের জন্য ইতিবাচক সাড়া ও আশীর্বাদ মিলেছে বলে জানান আয়োজকেরা। বিশ্ব ক্ষুধা দিবসের প্রেক্ষিতে এই উদ্যোগ শহরের ব্যস্ততার মাঝেও মানবিকতার এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande