
মুম্বই, ২৯ মে ( হি. স.) : সম্প্রতি 'শ্রী রামভূমি' ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন বলিউড অভিনেতা অনুপম খের । সামাজিক মাধ্যমে ছবির 'মহরত'-এর বেশ কিছু ছবি শেয়ার করে অভিনেতা জানিয়েছেন, ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি এই ছবির অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত।
সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, আমার ৫৫২তম ছবি 'শ্রী রামভূমি'-র ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রতি দশকে এমন কিছু গল্প আসে। এটি তেমনই ঘরে ফেরার গল্প। প্রবীণ অভিনেতার এই আবেগঘন পোস্টটি নেটপাড়ায় অনুগামীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন কামাখ্যা নারায়ণ সিং। এই সিনেমায় অনুপম খের ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋত্বিক ভৌমিক এবং অমৃতা খানভিলকরকে। আপাতত ছবির মূল কাহিনী এবং মুক্তির তারিখ নিয়ে বিশদ তথ্য শেয়ার করা না হলেও ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতুহল ও আগ্রহ উঠেছে তুঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক