
মুম্বই, ২৯ মে ( হি. স.) : সম্প্রতি ডন ৩ ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদ এবার নিল এক নতুন মোড় । রণবীর সিং এবং পরিচালক-প্রযোজক ফারহান আখতারের মধ্যে হওয়া এই দ্বন্দ্ব মেটাতে এবার মধ্যস্থতা করতে এগিয়ে এলেন অভিনেতা সলমন খান।
রণবীর সিং এই ছবির কাজ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই জটিলতা ক্রমে বাড়তে থাকে । এই পরিস্থিতিতে সলমন খান দু'পক্ষের সঙ্গেই কথাবার্তা শুরু করেছেন এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে পারস্পরিক সমঝোতায় আসার পরামর্শ দিয়েছেন। জানা যাচ্ছে, সলমন মনে করেন এই বিবাদ মিটে যাওয়া কেবল এই দুই তারকার জন্যই নয়, বরং গোটা বলিউডের জন্যই মঙ্গলজনক।
প্রসঙ্গত , রণবীর সিং 'ডন ৩' ছবিটিকে আরও বেশি গম্ভীর মেজাজে পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু পরিচালক ফারহান আখতারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি ছিল এর চেয়ে একেবারেই আলাদা। এই সৃজনশীল মতপার্থক্যের কারণেই রণবীর নিজেকে এই কাজ থেকে সরিয়ে নেন। জল আরও গড়ায় যখন ফারহান আখতারের প্রযোজনা সংস্থা 'এক্সেল এন্টারটেইনমেন্ট' রণবীরের কাছ থেকে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ বাবদ ৪৫ কোটি টাকা দাবি করে বসে। শুধু তাই নয়, 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজও রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে।
যদিও রণবীর সিংয়ের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা পুরো বিষয়টি ব্যক্তিগত স্তরেই মিটিয়ে নিতে চান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক