
চন্ডীগড়, ৩ মে (হি.স.): সকালেই আঁধার নামল পঞ্জাব ও চন্ডীগড়ে। দমকা হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টিতে রবিবাসরীয় সকালে স্বস্তি ফিরল। বিভিন্ন স্থানে আবার গাছ ভেঙে পড়ে। রবিবার ভোরে চণ্ডীগড় ও পঞ্জাবে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়, কালো মেঘে ঢেকে যায় আকাশ। ঘড়ির কাঁটায় সকাল তখন ৭.৩০, চণ্ডীগড় ট্রাইসিটিতে আকাশ ঘুটঘুটে কালো হয়ে যায়। প্রবল বাতাস ও বজ্রপাতের কারণে বেশ কিছু স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাছপালা উপড়ে পড়েছে এবং খোলা জায়গায় পার্ক করা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের ডালপালা ও উপড়ে পড়া গুঁড়ি বিদ্যুতের তারের ওপর পড়ায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এছাড়াও বাতাসের দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার কিছু খবরও পাওয়া গেছে। প্রচণ্ড ঝড়ের দাপটে একাধিক স্থানে বাড়ির কাচের জানালা ভেঙে গেছে, গাড়ির উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্থায়ী ছাউনিগুলো উপড়ে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ