কাছাড়ের কাটিগড়ায় বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষে শিশুছাত্রর মৃত্যু, প্রতিক্রিয়া
কাঠিগড়া (অসম), ৭ মে (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়া এলাকার হলি ফ্লাওয়ার্স হাইস্কুল-এ ক্লাস চলাকালীন এক শিশুর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষা মহলে তীব্র ক্ষো
কাছাড়ের কাটিগড়ায় বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষে শিশুছাত্রর মৃত্যু, প্রতিক্রিয়া


কাঠিগড়া (অসম), ৭ মে (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়া এলাকার হলি ফ্লাওয়ার্স হাইস্কুল-এ ক্লাস চলাকালীন এক শিশুর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং শিক্ষা মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, নিয়মিত ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণিকক্ষের ভেতরে অসুস্থ হয়ে পড়ে যায় কাটিগড়া দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জনৈক হারিস উদ্দিনের একমাত্র ছেলে বছর চারের সাকিব আলম। অভিযোগ, সেই সময় কর্তব্যরত শিক্ষিকারা নিজেদের ব্যক্তিগত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দাবি করা হচ্ছে, শিশুটি বেঞ্চের নীচে পড়ে থাকলেও তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ, সহপাঠীরা বিষয়টি শিক্ষিকাদের নজরে আনলেও তা গুরুত্ব পায়নি। ফলে দীর্ঘক্ষণ শিশুটি শ্রেণিকক্ষেই অসহায় অবস্থায় পড়ে থাকে। স্থানীয় একাংশের দাবি, সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো শিশুটির প্রাণ রক্ষা সম্ভব হতে পারত।

ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেন। একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা, নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে। হৃদয়বিদারক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande