
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৭ মে (হি.স.) : দীর্ঘদিনের বঞ্চনা, অনিশ্চিত চাকরি ও অপ্রতুল বেতনের প্রতিবাদে এবার আন্দোলনের পথে নামলেন এমজিএনরেগা কর্মীরা। বৃহস্পতিবার “অল ত্রিপুরা এমজিএনআরইজিএ এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”-এর পক্ষ থেকে তেলিয়ামুড়া আরডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব আচার্যের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়।
সংগঠনের সদস্যদের অভিযোগ, ২০০৭ সাল থেকে এমজিএনরেগা প্রকল্পের অধীনে বহু কর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করে চললেও আজও তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। দীর্ঘ সময় ধরে একই দায়িত্ব পালন করলেও তাঁরা নিয়মিত সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বর্তমান বেতন কাঠামো ও আর্থিক অবস্থার কারণে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলেও দাবি করেন কর্মীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত এক সরকারি স্মারকের পর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন বিভাজন চালু হওয়ায় একই পদে কর্মরত বহু কর্মী বৈষম্যের শিকার হন। সংগঠনের দাবি, এই বৈষম্যমূলক নীতি বাতিল করে সকল কর্মীর জন্য সমতা ভিত্তিক বেতন কাঠামো চালু করতে হবে।
এদিন সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— সমস্ত এমজিএনরেগা কর্মীদের চাকরি নিয়মিতকরণ, পঞ্চায়েত দফতরের কর্মীদের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা, অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের ন্যায় ডিএ-সহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদান।
ডেপুটেশন চলাকালীন কর্মীরা জানান, বছরের পর বছর মাঠপর্যায়ে কাজ করলেও তাঁদের জন্য নেই পর্যাপ্ত সামাজিক সুরক্ষা বা ভবিষ্যতের নিশ্চয়তা। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ