
কলকাতা, ১০ জুন (হি. স.) : ৭৫ বছর পূর্তি উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বুধবার ওয়াকথন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন (আইটিইএফ), বেঙ্গল সার্কেল। কলকাতার ধর্মতলায় আয়কর ভবন চত্বর থেকে এদিন কর্মসূচির সূচনা হয়।বুধবার সকালে আয়কর বিভাগের ডেপুটি কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন) আশুতোষ সাহু সাদা পায়রা উড়িয়ে ওয়াকাথনের সূচনা করেন। আয়কর দফতরের কর্মী ও আধিকারিকরা পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে পদযাত্রায় অংশ নেন। পরে আয়কর ভবন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করেন।
এই প্রেক্ষাপটে আশুতোষ সাহুর কথায়, - জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। এর পাশাপাশি সুস্থ জীবনধারা গড়ে তুলতে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি ।
এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী জানান, কর্মীদের স্বার্থরক্ষার পাশাপাশি আয়কর বিভাগের উন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্লাটিনাম জুবিলি উপলক্ষে উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের বিভিন্ন আয়কর কেন্দ্রেও একই দিনে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত