ভুয়ো আইএসআই চিহ্নযুক্ত প্লাইউড বিক্রির অভিযোগ, মহামায়াতলায় বিআইএস-এর অভিযান
কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : জাল বা ভুয়ো আইএসআই চিহ্ন ব্যবহার করে প্লাইউড বিক্রির অভিযোগে তল্লাশি চালাল ভারতীয় মানক সংস্থা বা ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (বিআইএস)। মঙ্গলবার বিআইএস-এর কলকাতা শাখার আধিকারিকেরা সোনারপুরের মহামায়াতলার গড়িয়
মহামায়াতলায় অভিযান ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস


কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : জাল বা ভুয়ো আইএসআই চিহ্ন ব্যবহার করে প্লাইউড বিক্রির অভিযোগে তল্লাশি চালাল ভারতীয় মানক সংস্থা বা ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (বিআইএস)। মঙ্গলবার বিআইএস-এর কলকাতা শাখার আধিকারিকেরা সোনারপুরের মহামায়াতলার গড়িয়া মেইন রোডের আনন্দপল্লিতে অবস্থিত ‘প্লাইউড নিকেতন’ নামে একটি দোকানে এই অভিযান চালান।

ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারী আধিকারিকেরা দেখতে পান, সেখানে বিক্রি হওয়া বেশ কিছু প্লাইউডে ব্যবহৃত আইএসআই চিহ্নের লাইসেন্স নম্বরটি বৈধ নয়। বিআইএস-এর দাবি, এই ধরনের ভুয়ো লাইসেন্স নম্বর ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা চালানো হচ্ছিল। বৈধ অনুমতি ছাড়া বা ভুয়ো আইএসআই চিহ্ন প্রদর্শন করা আইনত অপরাধ, এর ফলে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত ও প্রতারিত হন।

বিআইএস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গুণমান নিয়ন্ত্রণ নির্দেশিকা (কিউসিও)-র আওতাভুক্ত প্লাইউড ও অন্যান্য কাঠজাত পণ্যের ক্ষেত্রে বৈধ বিআইএস লাইসেন্স থাকা বাধ্যতামূলক। প্রস্তুতকারক সংস্থার পাশাপাশি ডিলার ও বিক্রেতাদেরও কেবল বৈধ মানপত্র বা আইএসআই চিহ্নযুক্ত পণ্যই বিক্রি করতে হবে। সাধারণ উপভোক্তাদের সুরক্ষার স্বার্থে সংস্থার পরামর্শ—পণ্য কেনার আগে ‘বিআইএস কেয়ার’ নামক মোবাইল অ্যাপের ‘Verify ISI Licence Details’ সেবার মাধ্যমে লাইসেন্স নম্বরটি যাচাই করে নেওয়া উচিত।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিআইএস আইন ২০১৬ অনুযায়ী, বৈধ লাইসেন্স ছাড়া আইএসআই চিহ্নের অপব্যবহার করা কিংবা বাধ্যতামূলক মানপত্রযুক্ত পণ্য বেআইনিভাবে বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ন্যূনতম দুই লক্ষ টাকা জরিমানা (যা পণ্যের মূল্যের সর্বোচ্চ দশ গুণ পর্যন্ত হতে পারে), বা উভয় দণ্ডই হতে পারে। ক্রেতাদের স্বার্থসুরক্ষায় এই ধরনের নজরদারি ও অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইএস।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande