
কলকাতা, ১২ জুন (হি. স.) :চলতি বেঙ্গল টি২০ লিগে অবশেষে জয়ের মুখ দেখল মুর্শিদাবাদ কিংস। ইডেন গার্ডেন্সে শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডসকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৮ রানে হারাল তারা। এই জয়ে প্রতিযোগিতায় প্রথমবারের মতো পূর্ণ পয়েন্ট পেল মুর্শিদাবাদ।
এদিকে, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুর্শিদাবাদ। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে ঋষভ চৌধুরী ও সক্ষম চৌধুরী। ঋষভের ৭১ এবং সক্ষমের অর্ধশতরানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে দল। মেদিনীপুরের হয়ে দেবপ্রতিম হালদার দুটি উইকেট নেয়।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মেদিনীপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলেছিল তারা। প্রিয়াংশু গৌরব শ্রীবাস্তব - ৩২ রানে লড়াই চালানোর প্রচেষ্টা করে। তবে মুর্শিদাবাদের বোলারদের মধ্যে সবচেয়ে সফল তৌফিক উদ্দিন মন্ডল, সে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে।
এর পরেই নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পরও খেলা আর শুরু করা সম্ভব হয়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে - ২৮ রানের জয় সুনিশ্চিত হয়েছে মুর্শিদাবাদ কিংস - এর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত