
আগরতলা, ১৪ জুন (হি.স.) : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রবিবার আগরতলা শহরের উপকন্ঠে নতুননগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
অনুষ্ঠানে শিক্ষা দফতরের সচিব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, কর্পোরেটর জগদীশ দাসসহ শিক্ষা দফতরের আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রছাত্রীদের নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নতুননগর গার্লস এইচএস স্কুলের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি এবং ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সর্বানন্দ সোনোয়াল বলেন, পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শুরু করেছেন ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি গাছ রোপণ করে তা নিজের মায়ের নামে উৎসর্গ করার আহ্বান জানানো হচ্ছে।
তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিবেশবান্ধব জীবনযাপন এবং প্রকৃতি সংরক্ষণের প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ