হাটন রোডে উচ্ছেদ অভিযান, ভেঙে দেওয়া হল রাস্তার ধারের দোকান; জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় বহু ব্যবসায়ী
আসানসোল, ১৫ জুন (হি. স.) :পূর্বঘোষণা অনুযায়ী সোমবার আসানসোল পুরনিগমের উদ্যোগে হাটন রোডের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক দোকানে উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রাস্তার ধারের ওই দোকানগুলি। পুরনিগমের দাবি, দীর্ঘদিন ধরেই দোকা
হকার উচ্ছেদ


আসানসোল, ১৫ জুন (হি. স.) :পূর্বঘোষণা অনুযায়ী সোমবার আসানসোল পুরনিগমের উদ্যোগে হাটন রোডের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক দোকানে উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রাস্তার ধারের ওই দোকানগুলি। পুরনিগমের দাবি, দীর্ঘদিন ধরেই দোকানগুলিকে অবৈধ দখল হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং একাধিকবার নোটিশ দেওয়া হলেও নানা কারণে উচ্ছেদ অভিযান কার্যকর করা সম্ভব হয়নি।উচ্ছেদ অভিযানের পর ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের দাবি, বহু বছর ধরে ওই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তাঁরা। কেউ কেউ ২৫ থেকে ৩০ বছর ধরে দোকান চালিয়ে আসছিলেন। দোকান ভেঙে যাওয়ায় এখন পরিবার চালানো নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।দোকানদারদের একাংশ জানান, বিষয়টি নিয়ে তাঁরা মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছেও আবেদন করেছিলেন। তবে উচ্ছেদ অভিযান রোধ করা সম্ভব নয় বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়।একদিকে রাস্তা দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ সফল হলেও, অন্যদিকে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ পুনর্বাসন বা বিকল্প ব্যবসার জায়গার দাবিও তুলেছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande