
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৫ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে তেলিয়ামুড়ায় সোমবার একাধিক জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া আরডি ব্লক এবং তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরগুলিতে অংশ নিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, জনগণের আশীর্বাদ মাথায় নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছেন। শুধু দেশের উন্নয়ন নয়, আজ ভারত গোটা বিশ্বের কাছেও পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে বলেও তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমুখী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া আরডি ব্লকের উদ্যোগে একটি জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান নির্মল সূত্রধরসহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী সাহা রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের গত ১২ বছরের সাফল্য ও জনমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “মানুষের আশীর্বাদ ও আস্থা ছাড়া পরপর তিনবার নির্বাচনে জয়লাভ সম্ভব নয়। দেশের কোটি কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর বিশ্বাস রেখেছেন বলেই তিনি আজও দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন।”
তিনি আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। তাঁর কথায়, “ভারত আজ শুধু সম্ভাবনার দেশ নয়, বিশ্বের নানা সমস্যার সমাধানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের মর্যাদা ও গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”
অন্যদিকে, একই দিনে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণেও একটি জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায়, টিটিডিসি-র চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দুই শিবিরেই বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলির সমাধানে সহায়তা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি এবং নাগরিক পরিষেবা সম্পর্কে উপস্থিত মানুষকে সচেতন করা হয়।
শিবিরে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, সরকারের জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে আরও সচেতন ও উপকৃত করতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ