
শিলিগুড়ি, ১৫ জুন (হি. স.):-রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার শিলিগুড়িতে এসে আনুষ্ঠানিকভাবে পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শহরের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে অবস্থিত পর্যটন দফতরের কার্যালয়ে পৌঁছলে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান দফতরের আধিকারিকরা।সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ জানান, উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বদরবারে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, বাংলার পর্যটনকে এমনভাবে উপস্থাপন করা হবে, যাতে তা বিশ্বের মানচিত্রে একটি স্বতন্ত্র পরিচিতি লাভ করে।আগামী ১৭ তারিখ পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক নতুন প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তায় যানজটের সমাধানে প্রশাসনিক উদ্যোগের আশ্বাস দেন পর্যটনমন্ত্রী।এছাড়াও উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়ন ও সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। পর্যটন এবং চা শিল্পের মধ্যে ভারসাম্য বজায় রেখেই উন্নয়নের পথে এগোতে চায় রাজ্য সরকার বলে জানান শংকর ঘোষ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়